ওবামার মেয়েকে অনুসরণ করায়
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২২:৫৬
শুনলে হয়তো আশ্চর্যই মনে হতে পারে এবং তার সাহস নিয়েও কারো মনে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। তবে ঘটনা সত্যি। আর তা হলো মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দুই মেয়েকে এক গাড়ি চালকের অনুসরণ এবং অবশেষে গ্রেপ্তার!
হোয়াইট হাউজের সংরক্ষিত এলাকায় প্রবেশের অভিযোগে ম্যাথু ইভান গোল্ডস্টেইন (৫৫) নামের গাড়িচালককে গ্রেপ্তার করেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। গাড়িটির চালক ওবামার দুই মেয়ে মালিয়া ও শাসার মোটর শোভাযাত্রা অনুসরণ করছিলো বলে ধারণা করা হচ্ছে। মালিয়া ও শাসা স্কুল থেকে বাড়ি ফিরছিল বলে জানা গেছে। হোয়াইট হাউস থেকে ২০০ মিটার দূরে সংরক্ষিত এলাকায় ওই গাড়িটি প্রবেশ করে। তাত্ক্ষণিকভাবে সিক্রেট সার্ভিসের পোশাকধারী কর্মকর্তারা গাড়িটি থামায় এবং গাড়ির চালককে গ্রেপ্তার ও গাড়িটিতে তল্লাশি চালায়। এ ঘটনার সময় হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকরা আটকা পড়ে। ঘন্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা এএফপিকে বলেন, ওই মোটর শোভাযাত্রায় ওবামার দুই মেয়ে মালিয়া ও শাসা ছিল। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। - এএফপি