মুক্তাগাছায় নাগেশ্বর গাছে ফুটেছে সুবাসিত ফুল
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২২:৫৬
দুর্লভ বৃক্ষ নাগেশ্বরের কাণ্ডে ফুটেছে দৃষ্টিনন্দন ফুল। এ গাছের প্রশাখায় কোন ফুল ফোটে না। গোলাকার বলের মত এর ফল। ফলের গায়ের রং সফেদার মতো। বাংলাদেশের অনেকেই গাছটির ফল সংগ্রহ ও বীজ থেকে চারা উত্পাদনের চেষ্টা করেছেন। কিন্তু কোন চারা গজায়নি।
এর ফলের ওজন প্রায় ২ কেজি দেখতে সুন্দর হলেও স্বাদ খুবই তিক্ত। পাতার রং গাঢ় সবুজ । বহু দূর থেকে ফুলের সুবাস পাওয়া যায়। এই অঞ্চলের বিয়ের কনে সাজানোর সময় এই ফুলের কদর রয়েছে। গাছ আকারে বড়। ২০ বছর আগে এক বৃক্ষ জরিপে উদ্ভিদ বিজ্ঞানীগণ হিসেব করেছেন বাংলাদেশে ৫২ টি নাগেশ্বর বৃক্ষ আছে। ময়মনসিংহের মুক্তাগাছায় নাগেশ্বর (স্থানীয়ভাবে নারায়ণ গাছ নামে পরিচিত) বৃক্ষের সংখ্যা ছিল ৪টি। ২০০২ সালে টর্নেডোর ছোবলে একটি গাছ উপড়ে পড়ে। অপর ৩টি বৃক্ষ অক্ষত আছে জলটঙ্গী পুকুরঘাটের পূর্বপাশে । অনেকেরই ধারণা, বৃক্ষগুলির বয়স প্রায় আড়াইশ বছর। মুক্তাগাছার জমিদাররা শখ করে অথবা নিতান্তই ভেষজ গুণাবলীর কথা বিবেচনা করে বিদেশ থেকে এই বৃক্ষ এনে বাড়ির সামনে রোপণ করেন। দুর্লভ প্রজাতির বৃক্ষগুলি সংরক্ষণ করে থাকে সরকারের বনবিভাগ। এলাকাবাসী চায় বৃক্ষগুলি সংরক্ষণ করা হোক এবং নতুন নাগেশ্বর বৃক্ষ জন্মানোর উদ্যোগ নেয়া হোক।