সুনামগঞ্জে বিএনপি নেতা নিখোঁজের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২২:৫৭
সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মুজিবুর রহমান মুজিবের নিখোঁজ হওয়ার প্রতিবাদে জেলা বিএনপির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্টে গতকাল বুধবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে নিখোঁজ বিএনপি নেতার গাড়ি চালক রেজাউল করিম সোহেলের নিখোঁজের ঘটনায় গতকাল দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করে জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি চালক সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘সুনামগঞ্জের বিএনপি নেতা তার চালকসহ নিখোঁজ হয়েছেন বলে আমরা মনে করি। অবিলম্বে তাদের অক্ষত ও জীবিত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানাই। অন্যথায় আগামীতে জনসাধারণকে সাথে নিয়ে হরতাল অবরোধের মত কঠোর কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হবো।’ বিএনপি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ মে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শহীদ মিনারে গণঅনশন কর্মসূচি শেষে বিকেলে সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে জেলা বিএনপি নেতা ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক রেজাউল করিম সোহেল নিখোঁজ হন। এ ঘটনায় গত মঙ্গলবার বিএনপি নেতার লন্ডন প্রবাসী পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়।
আজ থেকে সুনামগঞ্জে
২ দিনের কর্মসূচি
সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে গতকাল মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার পর আজ বৃহস্পতিবার জেলার ১২ উপজেলায় বিক্ষোভ সমাবেশ এবং আগামীকাল শুক্রবার জেলার প্রতিটি মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।
গতকাল নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা দল, যুবদল, তাঁতীদল, মহিলা দল, ওলামাদল, জাসাস ও শ্রমিক দল। মহানগর বিএনপির সহ-সভাপতি ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর সভাপতিত্বে সিলেট কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ৭২ ঘন্টার মধ্যে বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবকে গাড়ি চালকসহ উদ্ধার করতে না পারলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন।