রাজশাহী মেডিক্যালে সাংবাদিকদের চিকিত্সা হয়নি
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২২:৫৮
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গুলবার আলী জুয়েল নামে স্থানীয় এক সাংবাদিককে চিকিত্সা দেয়া হয়নি। শিক্ষানবিস চিকিত্সকরা তাকে জানিয়ে দেন, ‘এই হাসপাতালে সাংবাদিকদের কোন চিকিত্সা হবে না। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি হন।’ এর পর গত মঙ্গলবার হাসপাতাল ছাড়তে বাধ্য হন জুয়েল।
এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সাংবাদিকরা। গতকাল বুধবার দুপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জরুরি বৈঠক শেষে এই বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
সাংবাদিক গুলবার আলী জুয়েল অভিযোগ করেন, ইন্টার্ন চিকিত্সকদের চাপের মুখে সিনিয়র চিকিত্সকরা তার ভাঙা পায়ের চিকিত্সা দেননি।
হাসপাতালের অর্থপেডিক বিভাগের প্রধান ডাঃ বিকে দাশ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, তার ওয়ার্ডের কোন শিক্ষানবিস চিকিত্সক জুয়েলকে হাসপাতাল ছাড়তে বলেননি। তবে অন্য ওয়ার্ডের শিক্ষানবিস চিকিত্সকরা তাকে হাসপাতাল ছাড়তে বলেছেন বলে শুনেছেন।