পিরোজপুরে ক্রীড়ায় অংশ নিয়ে গরমে অর্ধশত ছাত্রী অসুস্থ

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে প্রচণ্ড তাপদাহে পিরোজপুরের করিমুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অর্ধ শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এরমধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে হঠাত্ করে কয়েক জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পর একে একে অর্ধ শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শংঙ্কর কুমার ঘোষ জানান, প্রচণ্ড গরম এবং মাস সাইকোজেনিক (গণমনস্তাত্ত্বিক) রোগজনিত কারণে মেয়েরা অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিত্সা শেষে ছেড়ে দেয়া হয়েছে। বেশি অসুস্থ ১৩ জনকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।