রবীন্দ্র জন্মজয়ন্তী

শিলাইদহ, শাহজাদপুর ও পতিসরে উত্সব শুরু আজ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩ তম জন্মজয়ন্তি উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুমারখালির শিলাইদহ কুঠিবাড়ি ও সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারি বাড়িতে ৩ দিনব্যাপী উত্সব শুরু হচ্ছে আজ। এছাড়া কবির জন্মদিনে নওগাঁর আত্রাইয়ের পতিসর কুঠিবাড়িতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় প্রশাসন। কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, আজ ২৫ বৈশাখ শিলাইদহ কুঠিবাড়ির আঙিনায় সকাল ১০ টায় উত্সবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মূল মঞ্চে পরিবেশন করবে রবীন্দ্র সংগীত। এছাড়া বাড়ির বাইরে চলবে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা। প্রসঙ্গত, কবিগুরু দীর্ঘ ১০ বছর একটানা শিলাইদহে কাটিয়েছেন। ৩২ বিঘা জমি নিয়ে এই কুঠিবাড়ির আয়তন। বাড়িটির বাইরের দিকে ‘রেড অক্সাইড’ জাতীয় রঙের প্রলেপ ছিল। কিন্তু বিগত চারদলীয় জোট সরকারের সময়ে সেই রং মুছে সাদা চুনকাম করা হয়। প্রত্নতাত্ত্বিক সম্পদকে এভাবে পরিবর্তন করায় অনেকে আপত্তি তুলেছিলেন। কিন্তু তারপরেও এই কুঠিবাড়ি তার আগের লাল রঙ ফিরে পায়নি। কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এ ব্যাপারে ইত্তেফাককে জানান, সরকার এ বিষয়ে একটি কমিটি গঠন করেছে। খুব দ্রুত সময়ের মধ্যে কুঠিবাড়ির রঙ সমস্যার সমাধান হবে। শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, আজ সকাল ১০ টায় শাহজাদপুর কাছারি বাড়িতে রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড.গহর রিজভী। উদ্বোধনী দিনে কাছারি বাড়ির রবীন্দ্র অডিটোরিয়ামে রবীন্দ্র সংগীত ও নৃত্য পরিবেশন করবেন শিল্পীরা। সন্ধ্যায় একই মঞ্চে রবীন্দ্রনাথের ‘লোকসংস্কৃতি অন্বেষা’ প্রবন্ধের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল শুক্রবার ও শনিবার আলোচনা, গান, নাটক, নৃত্য আলেখ্যসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অন্যদিকে কবির জন্মদিন উপলক্ষে শাহজাদপুর হাই স্কুল মাঠে ৮ দিনব্যাপি রবীন্দ্র মেলা শুরু হচ্ছে আজ। নওগাঁ প্রতিনিধি জানান, জেলার আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের কালিগ্রামের পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়িতে কবির জন্মজয়ন্তী উপলক্ষে আজ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া এসব কর্মসূচির মধ্যে রয়েছে কবির কর্মময় জীবন ও স্মৃতি নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক এমপি। প্রসঙ্গত, কবি পতিসর কুঠিবাড়িতে সর্বশেষ আসেন ১৯৩৭ সালে। এই পতিসরে বসে তিনি রচনা করেছেন গোরা ও ঘরে বাইরে উপন্যাসের অনেকাংশসহ বেশকিছু গান ও ছোটগল্প। এখানে রয়েছে কবির দেয়াল ঘড়ি, লোহার সিন্দুক, খাট, টি-টেবিল, কবির স্বহস্তে লিখিত ৬ পৃষ্ঠার চিঠির ফটোকপি, বজরার রেপ্লিকাসহ নানা সামগ্রী।