সব ধরনের সরকারি যানবাহনে কালো গ্লাস অপসারণের নির্দেশ

সব ধরনের সরকারি যানবাহনে কালো গ্লাস অপসারণের নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী গতকাল বুধবার সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, করপোরেশন প্রধানের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আগামী ১০ মের আগেই এই নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দেয়া হয়েছে। প্রসঙ্গত, কালো গ্লাসের যানবাহন ব্যবহার করে খুন, অপহরণ, গুমসহ নানা ধরনের অপরাধ কার্যক্রমের প্রবণতা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক আদেশে বলা হয়েছে, দেশে অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনে অপরাধীরা কালো/ রঙিন/ মার্কারি/ অস্বচ্ছ গ্লাসযুক্ত গাড়ি ব্যবহার করায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দাদের পক্ষে গাড়ির ভেতরের লোকজন অথবা পরিবহনকৃত বস্তু শনাক্ত করা, গাড়ি ব্যবহারকারী অপরাধীদের গতিবিধির উপর নজর রাখা এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণে সমস্যার সৃষ্টি হওয়ায় মোটরযান অধ্যাদেশের বিভিন্ন ধারায় ক্ষমতাবলে মাইক্রোবাসে কালো/ রঙিন/ মার্কারি/ অস্বচ্ছ গ্লাস ব্যবহার নিষিদ্ধ করা হয়। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, যেসব গাড়ির সামনের উইন্ডশিল্ড, দুই পাশের জানালা ও পিছনের কাঁচ ফ্যাক্টরিতে নির্মিত অবস্থায় সংযোজিত (বিল্ট ইন), সেগুলোর ক্ষেত্রে উপরোক্ত আদেশ প্রযোজ্য হবে না। বিল্ট ইন ছাড়া সকল গাড়ির জানালায় আলাদাভাবে লাগানো রঙিন/ কালো/ মার্কারি/ টিনটেড/ অস্বচ্ছ/ ফিলাম/ পলিথিন/ প্লাস্টিক জাতীয় কৃত্রিম আবরণ ১০ মে তারিখের মধ্যে অপসারণ করতে হবে। এ নির্দেশ অমান্য করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।