জোকস
প্রকাশ : ০৮ মে ২০১৪, ১৮:২৬
কাক বসে আছে গাছের ডালে। খরগোশ তাকে জিজ্ঞেস করল, ‘কী করছ?’
‘মজা করছি।’
‘কীভাবে?’
‘এখানে উঠে এলেই বুঝতে পারবে।’
খরগোশ ডালে উঠে এসে বসল। মজা করার লোভে এর পরে একে একে এল শিয়াল, নেকড়ে। সবশেষে এল ভালুক। সে ডালে উঠে বসতেই তা মট করে ভেঙে গেল। খরগোশ, শিয়াল, নেকড়ে আর ভালুক ধপাস করে পড়ে গেল মাটিতে। আর কাক উড়ে যেতে যেতে বলল, ‘ডাল ভেঙে গেলে যে কী মজা!’
ইঁদুরের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে হাতি বলল, ‘তোর মতো তুচ্ছ প্রাণী ইহজগতে আর নেই!’
ইঁদুর মুখ তুলে বলল, ‘কষ্ট করে কথাটা আরও একবার বলবেন? মুখস্থ করে নিতে চাই। তারপর পিঁপড়েকে দেখলে তাকে এই কথাটাই বলব।’
এক গাড়িচালকের গাড়িটা রাস্তার পাশে খাদে পড়ে গেছে। বহু চেষ্টায়ও খাদ থেকে তোলা যাচ্ছে না। এই অবস্থা দেখে এগিয়ে এলেন এক চাষি। বললেন, ‘চিন্তা করবেন না। আমার ঘোড়াটা আপনার গাড়ি তুলে দেবে।’
ঘোড়ার রশিটা বাঁধা হলো গাড়ির সঙ্গে। ঘোড়াটা টানতে শুরু করল।
চাষি বললেন, ‘টান জনি টান, আরও জোরে টান।’
খানিক বাদেই বললেন, ‘টান বাঘা টান, আরও জোরে টান।’
চাষি আবার বললেন, ‘রাঙ্গা, আরও জোরে টান দে!’
খুবই অবাক হলেন গাড়িচালক। বললেন, ‘আপনি আপনার ঘোড়াটাকে একেকবার একেক নামে ডাকছেন কেন?’
ফিসফিস করে বললেন চাষি, ‘আমার ঘোড়াটা আসলে চোখে কম দেখে। ও যদি জানতে পারে ও একাই গাড়ি টানছে, তা হলে ব্যাটা চেষ্টাই করবে না!
দর্শনের ছাত্র ইভানভ পরীক্ষার আগে তিন দিন তিন রাত প্রায় না ঘুমিয়ে অধ্যয়ন করল দর্শনতত্ত্ব, কিন্তু পরীক্ষা দিতে গেল না। কারণ, এই নশ্বর জীবনের কোনো অর্থ তো নেই!