শেয়ারবাজারে দর সংশোধন

টানা তিন কার্যদিবস ধরে শেয়ারবাজারের সূচক ও লেনদেন বাড়ার পর গতকাল বৃহস্পতিবার কিছুটা কমেছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ১৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৭১ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৮৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের। এদিকে আসন্ন বাজেট পুঁজিবাজারবান্ধব করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গতকাল বৃহস্পতিবার বিএসইসির সঙ্গে এক বৈঠকে এ দাবি জানানো হয়। বাজেট নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যেন স্টক এক্সচেঞ্জের সুপারিশ মেনে নেয় সে ব্যাপারে আলোচনা করতে বিএসইসিকে অনুরোধ জানানো হয় বৈঠকে। এ ছাড়া ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জের কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে বিএসইসিকে অবহিত করা হয়। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, কমিশনার হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আরিফ খান, আবদুস সালাম শিকদার, ডিএসইর চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া, ব্যবস্থাপনা পরিচালক স্বপান কুমার বালাসহ পরিচালকরা উপস্থিত ছিলেন। বৈঠকশেষে স্বপন কুমার বালা সাংবাদিকদের বলেন, এনবিআরের কাছে যেসব প্রস্তাব দেয়া হয়েছে তা বিবেচনায় নিতে বিএসইসিকে সুপারিশ করার জন্য অনুরোধ জানিয়েছি। পাশাপাশি স্টক এক্সচেঞ্জের ব্যয় সঙ্কোচন, বাজারের জন্য নতুন প্রোডাক্ট আনা, স্ট্র্যাটেজিক পার্টনার খোঁজার বিষয়ে আলোচনা হয়েছে। বাজেটে ডিএসই’র সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, লভ্যাংশের ওপর উেস কর প্রত্যাহার, আগামী অর্থবছরের বাজেটে ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন, শেয়ারহোল্ডারদের লভ্যাংশ আয়ের ওপর কর অব্যাহতি সীমা বর্তমানের ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকায় উন্নীত করা, নতুন ক্ষুদ্র বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে ১ লাখ টাকার ওপর বিনিয়োগে আয়কর ক্রেডিট বিদ্যমান ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হবে।