সকালে ঢাকার ব্লকবাস্টারে, সন্ধ্যায় কলকাতায় থাকবেন শুভশ্রী

অনন্য মামুনের চলচ্চিত্র ‘আমি শুধু চেয়েছি তোমায়’ নিয়ে বেশ জল্পনাকল্পনা চললেও অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়ে মুক্তির অপেক্ষাতেই দিন গুনছেন প্রযোজক। তবে আগামী ১৬ মে একই সাথে ঢাকা ও কলকাতায় রিলিজ দেওয়ার জন্য একই দিনে প্রিমিয়ারের ব্যবস্থা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। এর আগে অনেকেই বলেছেন ছবিটি বাংলাদেশে আলোর মুখ দেখবে না। এছাড়া নতুন খবর হলো এর আগে শুটিংয়ের জন্য কলকাতার শুভশ্রী ঢাকায় এলেও এবারে ছবির প্রিমিয়ার ও প্রমোশনের কাজে ঢাকার যমুনা ফিউচার পার্কেও ব্লকবাস্টার সিনেমাতে আসার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে ব্লকবাস্টার সিনেমার পক্ষ থেকে রমিম রায়হান বলেন, ‘বিষয়টি এখনও পরিকল্পনাধীন। তবে অবশ্যই শুভশ্রীসহ বেশ কিছু চমক নিয়েই আমরা ছবিটি প্রদর্শন করব। এ নিয়ে আমাদের কর্মকর্তা রোজালিন আপাও কথা বলছেন। তিনিই মূলত উদ্যোগী হয়েছেন। আমরা চাইছি ব্লকবাস্টারের মাধ্যমে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির এক নতুন বিবর্তন শুরু হোক।’ উল্লেখ্য, এর আগে শুভশ্রী ইত্তেফাককে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছিলেন ছবির প্রমোশনের সময় অবশ্যই তিনি ঢাকায় আসবেন। এ প্রসঙ্গে ছবি নির্মাতা অনন্য মামুন বলেন, ‘আমরা খুব গুছিয়েই ছবিটি রিলিজ দেবো। তাই আবারও বলছি এই ছবির প্রচারণাসহ সবকিছু আমাদের চলচ্চিত্রের জন্যই ইতিবাচক উদাহরণ তৈরি করবে।’