শৈলকূপায় কালবৈশাখী ঝড়ে ৫ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

ঝিনাইদহের শৈলকূপার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ৫ শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ফসল, গাছ-পালার ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার রাত ১টার দিকে ঝড় শুরু হয়। প্রায় আধাঘণ্টা এ ঝড়-বৃষ্টি স্থায়ী হয়। ঝড়ের আঘাতে ত্রিবেনী, মির্জাপুর, কাচেরকোল, দিগনগর ও সারুটিয়া ইউনিয়নের বাড়ি-ঘর ও ক্ষেতের ফসল ক্ষতি হয়। ঝড়ের সাথে শিলাবৃষ্টিতে উঠতি বোরো ধানের ক্ষতি হয়েছে। অনেক স্থানে পাকা ধান ক্ষেত মাটির সাথে লেপটে গেছে। অনেকেরই বসতঘর বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছে। ঘরের চালার টিনের আঘাতে ৫ জন আহত হয়েছে। দিগনগর ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, তার ইউনিয়নে ঝড়ে দুই শতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। শৈলকূপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী প্রিন্স জানান, তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন। ক্ষয়-ক্ষতির বিবরণ সংগ্রহ করে জেলা প্রশাসককে জানাবেন।