ফরিদপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড : দুইজনের যাবজ্জীবন
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২১:২৩
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অষ্টম শ্রেণির মাদ্রাসা ছাত্র সাব্বির হোসেন ইমন হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন ও একজনের ৫ বছর কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০০৯ সালের ২৬ এপ্রিল ফেলাননগর গ্রামের নূর ইসলাম মিয়ার ছেলে উমরনগর চন্দনী দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র সাব্বির হোসেনকে একই গ্রামের আজিজার মোল্লা ও তার লোকজন বাড়ির সামনের রাস্তার ওপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বোয়ালমারী থানায় আজিজার মোল্লা, রেহেনা বেগম, হিরা পারভীন, ইউনুস ফকির, রাবেয়া বেগম, লোকমান মৌলভীসহ মোট ৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে।