ঘাঘর ইউনিয়নকে পৌরসভা না করার আহ্বান
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২১:২৬
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদের আলী মিয়া বলেছেন, জীবন দিয়ে হলেও ঘাঘর ইউনিয়নকে রক্ষা করবো। যারা ঘাঘর ইউনিয়নকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের স্বপ্ন পূরণ হবে না। আমাদের পরিষদের মেয়াদ পূর্ণ হবার আগে ঘাঘর ইউনিয়ন বিলুপ্তি করলে তা আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করবো।
গতকাল বৃহস্পতিবার ঘাঘর ইউনিয়ন পরিষদ হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, একটি মহল ঘাঘর ইউনিয়নকে বিলুপ্তি করে কোটালীপাড়া পৌরসভায় অন্তর্ভুক্ত করার পাঁয়তারা করছে। এই ইউনিয়নের অধিকাংশ জনগণ দরিদ্র। তারা পৌরসভায় অন্তর্ভুক্ত হতে রাজি নয়। আর এ কারণে ঘাঘর ইউনিয়ন যেন পৌরসভায় অন্তর্ভুক্ত না হয়, এর জন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।