পানছড়ি হাসপাতালের ডাক্তার ৮ দিন কর্মস্থলে অনুপস্থিত
পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২১:২৭
জেলার পানছড়ি উপজেলা হাসপাতালের ডাক্তার মতিউর রহমান কর্তৃপক্ষের বিনানুমতিতে ৮দিন যাবত্ কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্র জানায়, গত ৬ মে জীবন ত্রিপুরা (দেড় বছর) ও মোঃ জয় (৫) রাত সাড়ে নয়টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসলে রুটিন অনুয়ায়ী ডিউটিরত ডাক্তার মতিউর রহমান অনুপস্থিত থাকায় প্রায় ৩ ঘণ্টা বিনা চিকিত্সায় হাসপাতালে পড়ে ছিল। পরে ডাক্তার বিদর্শী চাকমা বাসা থেকে এসে তাদের ভর্তির ব্যবস্থা করেন। পানছড়ি হাসপাতাল সূত্র জানায়, ৩০ এপ্রিল থেকে ডাক্তার মতিউর রহমান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ ব্যাপারে খাগড়াছড়ির সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাশ বলেন, কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তাকে নোটিস দেয়া হয়েছে। সরেজমিন খোঁজ নিয়ে দেখা যায়, হাসপাতালে ডাক্তারের কোটা অনুযায়ী ৪টি পদ শূন্য রয়েছে। তাছাড়া যারা আছেন তাদের মধ্যে থানা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা নাসির উদ্দিন ট্রেনিংয়ে থাকায় শুধুমাত্র বিদর্শী চাকমাকে দিয়েই পরিচালিত হচ্ছে হাসপাতালটি।