কেন্দ্রীয় ব্যাংককে আরো তিন তথ্য দেবে ইসি
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২২:১৯
নির্বাচন কমিশনের (ইসি) ডিজিটাল ভোটার তথ্যভাণ্ডার (ডাটাবেস) থেকে নাগরিকের ব্যক্তিগত আরো ৩টি তথ্য জানতে পারবে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান চুক্তি অনুযায়ী তারা ছয় ধরনের তথ্য পাচ্ছে। তবে নতুন করে আরো তিন ধরনের তথ্য পেতে বাংলাদেশ ব্যাংক থেকে চুক্তি সংশোধনের যে প্রস্তাব দেয়া হয়েছিল তা বৃহস্পতিবার সভায় অনুমোদন করেছে ইসি। এই তিন তথ্যের মধ্যে রয়েছে স্বামী/স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং পেশা। এ ব্যাপারে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ ইত্তেফাককে বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ফলে তারা এখন থেকে নয় ধরনের ভোটারের তথ্য জানতে পারবে।
ইসির সঙ্গে বিদ্যমান স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থ প্রদান সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ডাটাবেস থেকে নাগরিকের সীমিত তথ্য জানতে পারছে। যার মধ্যে রয়েছে নাম (বাংলা ও ইংরেজি), পিতা/স্বামীর নাম, মাতার নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ ও ছবি।
প্রাপ্তবয়স্ক ব্যক্তির ভোটার নম্বর ওয়েবসাইটে আপাতত প্রকাশ করবে না ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক নাগরিকের সাত ধরনের তথ্য ইসির ওয়েবসাইটে প্রকাশের প্রস্তাব করেছিলেন। কিন্তু আইনী জটিলতার কারণে ওই প্রস্তাব কমিশনে উত্থাপন করেননি তিনি। তবে জাতীয় নিবন্ধন অনুবিভাগ ভোটারের তথ্য প্রকাশের বিষয়ে আলাদাভাবে কাজ করছে বলে কমিশন সভায় জানানো হয়।
এছাড়াও বিবি ও এনবিআরের মতো জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ের জন্য তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার চেয়ে আবেদন করেছিল, র্যাব, পুলিশের বিশেষ শাখা (এসবি), ডিজিএফআই, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুরেলটরি কমিশন, পরিসংখ্যান ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প, সমাজসেবা অধিদপ্তর এবং ডিজিটাল স্বাক্ষর প্রদানকারী কর্তৃপক্ষ। ওই সব আবেদনও বিবেচনায় রেখে প্রবেশাধিকার দেয়ার প্রক্রিয়া কমিশন শুরু করেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। আগামী ১২ জুন বরিশাল সদর উপ-নির্বাচনে এসএমএস-এর মাধ্যমে স্বউদ্যোগে কমিশন ভোটারদের ভোটার নম্বর ও ভোটকেন্দে র তথ্য জানাবে।
এদিকে নবগঠিত নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৯ জুন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষদিন ১৫ মে, যাচাই-বাছাই ১৭ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ হয়েছে ২৫ মে।