রমনা বটমূলে বোমা হামলা মামলার শুনানি ১৮ মে

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় পুনঃযুক্তিতর্কের অবশিষ্ট শুনানির জন্য আগামী ১৮ মে দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলার আসামিদের পক্ষে পুনঃযুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। এদিন রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাত্র তিন আসামির পক্ষে যুক্তিতর্ক শেষ হয়। এ অবস্থায় সংশ্লিষ্ট বিচারক মো. রুহুল আমিন শুনানি মুলতবি করে পরবর্তী এ দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষে আদালতের বিশেষ পিপি এস এম জাহিদ হোসেন জানান, অবশিষ্ট আসামিদের পক্ষে যুক্তিতর্ক শেষ হলে আগামী তারিখেই রায়ের দিন ঘোষণা করা হবে। ২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গিদের বোমা হামলায় ঘটনাস্থলেই নিহত হয় ৯ জন। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় পরে আরো ১ জন মারা যায়।