জিসিএসই ও জিসিই এ লেভেলে সফলদের পুরস্কৃত করলো এড এক্সেল
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২২:২১
শিক্ষা ক্ষেত্রে যুক্তরাজ্যের বৃহত্তম স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান এড এক্সেল সম্প্রতি ২০১৩ সালের আন্তর্জাতিক জিসিএসই এবং জিসিই “এ” লেভেল পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জনকারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেম-এ অনুষ্ঠিত হয়। প্রায় ১৫শ’র অধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সম্মানিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই বছর বিভিন্ন বিভাগে প্রায় ৩৯৮ জন শিক্ষার্থীকে এড এক্সেল হাই এচিভারস পুরস্কার প্রদান করা হয়। ২৭৫ জন শিক্ষার্থী আন্তর্জাতিক জিসিএসই পরীক্ষায় কমপক্ষে ৭টি “এ” গ্রেড অর্জনের জন্যে পুরস্কৃত হন। ৬৪ জন শিক্ষার্থী জিসিই “এ” লেভেল পরীক্ষায় কমপক্ষে ৪টি “এ” গ্রেড অর্জনের জন্যে পুরস্কৃত হন। আর বিশ্বপর্যায়ে বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ নম্বর অর্জনের স্বীকৃতিস্বরূপ ৪৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও ৭ জন শিক্ষার্থীকে পিএন্ডএলএসসি সেরা স্কুল শিক্ষার্থীর খেতাবে ভূষিত করা হয়। পিএন্ডএলএসসি বিভাগে ৩ জন শিক্ষার্থী ইংরেজি, গণিত ও বিজ্ঞানে বিশ্ব পর্যায়ে সর্বোচ্চ নম্বর অর্জন করেন। উল্লেখ্য, এড এক্সেল হচ্ছে পিয়ারসন-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর গরহর রিজভী। তিনি কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার নিক লো, ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক ব্রেনডন ম্যাকশেরী এবং পিয়ারসন- এর আঞ্চলিক পরিচালক, সাইমন ইয়ং।- প্রেস বিজ্ঞপ্তি