স্পোর্টস রিপোর্টার
শুক্রবার দুপুরে ঢাকা ছেড়ে বিকালে থাইল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। সেখানে প্রথম দিনটা হালকা গা গরম করেছেন ফুটবলাররা। গতকাল হতে অনুশীলনে ঝাঁপিয়ে পড়েছেন খেলোয়াড়রা। থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২৮ মে প্রথম খেলা। ১ জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ।
বাংলাদেশের মূল টার্গেট হচ্ছে লাওসের বিপক্ষে ফিফা বিশ্বকাপ ফুটবল বাছাইয়ের প্রথম রাউন্ডের খেলা। আরেকটি হচ্ছে এশিয়ান কাপের বাছাইয়ের খেলা। দুই প্রতিযোগিতার খেলা হলেও এক সঙ্গেই বাছাইয়ে হবে। একটি খেলার বাছাই দিয়ে দুটি প্রতিযোগিতার বাছাই নির্ধারণ হবে। লাওসের বিপক্ষে দুটি ম্যাচ। প্রথমটি ৬ জুন লাওসের মাঠে এবং ফিরতি খেলাটি ১১ জুন ঢাকায়। সামনে এমন ম্যাচ রেখে বাংলাদেশের অভিযান শুরু হচ্ছে।
থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প। লাওসে যাওয়ার আগে কন্ডিশনিং ক্যাম্প ১০ দিনের। কাল সেটাই শুরু হয়েছে ব্যাংককে। গতকাল বিকালে ফুটবল দলের অনুশীলন হয়েছে। জামাল ভুইয়া, ইয়াসিন খান, সবুজ, জিকো, নাসিররা পুরোদমে অনুশীলনে গা ঘামিয়েছেন। যদিও গরম তারপরও সেটা নিয়ে কষ্ট নেই। নিজের দেশেও এমন গরমের মাঝে খেলতে হয়েছে। বিমানবাহিনীর মাঠে তাই হয়ত খেলোয়াড়রা মানিয়ে নিতে সময় লাগেনি। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন আমরা এমনভাবে ফ্লাইট নির্ধারণ করেছি যেন ফুটবলাররা দিনে দিনে গিয়ে সেখানে পৌঁছাতে পারে। ঘুমের যেন কোনো সমস্যা না হয়। বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে থাইল্যান্ডের সঙ্গে সুস্পর্কের কারণে সেখানে ফুটবল ক্যাম্প করার জন্য থাই ফুটবল সংস্থার কাছ হতে সহযোগিতা পাচ্ছে। তাছাড়া লাওস দেশটিও থাইল্যান্ডের কাছেই। সেখানে যেতেও কোনো সমস্যা নেই। দিনে দিনে গিয়ে পৌঁছানো যায়। লাওসের পরিবেশে মানিয়ে নিতে তিন দিন আগে ফুটবলারদের পাঠানো হচ্ছে।
বাংলাদেশের ফুটবলাররা লিগের খেলায় ব্যস্ত ছিলেন। বিশ্রাম ছিল না। টানা খেলায় খেলোয়াড়রা ফিটনেসের মধ্যে ছিল। এখন তাদের গুছিয়ে নিতে সময় যতোটুকু। বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে একাদশ গঠন নিয়ে থাইল্যান্ডে কাজ শুরু করেছেন। দুই একদিন পর হতেই নির্ধারণ করবেন একাদশ। তার চিন্তায় রক্ষণভাগ। আগে রক্ষণ ভাগের ঘাটতি দূর করে বাকি চিন্তা। তাই হয়ত বার বার বলছেন লাওসের বিপক্ষে তাদের মাঠে অন্তত ড্র হলেও অনেক ভালো।