ভেড়ামারায় আবারো দই কেলেংকারি খেয়ে অসুস্থ শতাধিক মাদ্রাসা ছাত্রী
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২২:৪৫
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের রেলবাজার বণিক সমিতি এলাকায় অবস্থিত দধি ভান্ডারের বিষাক্ত দই খেয়ে মা খাদিজাতুন কোবরা মহিলা মাদ্রাসার শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৬০ জনকে ভেড়ামারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার ভেড়ামারা শহরের পাবনা সুইট-এর বিষাক্ত দই খেয়ে বিয়ে বাড়ির অন্তত ৭০ জন অসুস্থ হন।
ভেড়ামারা মডেল থানা, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার শহরের পূর্ব ভেড়ামারা এলাকায় অবস্থিত মা খাদিজাতুন কোবরা মহিলা মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিল শেষে খাবারের পর পরিবেশন করা হয় দধি ভান্ডারের দই। দই খাওয়ার পর বুধবার সন্ধ্যা থেকেই শুরু হয় বিষক্রিয়া। গুরুতর অসুস্থ হয়ে ছাত্রীরা একে একে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে থাকে।
মোট ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া অসুস্থ আরো অন্তত ৪০ জনকে বাড়িতে চিকিত্সা দেয়া হয়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ভারত থেকে আনা নষ্ট গুঁড়ো দুধ দিয়ে ঐ দই তৈরি করা হয়েছিল।
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, যে হোটেল থেকে দই নেয়া হয়েছে সেই হোটেলের মালিক, কর্মচারীসহ জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।