শিলাইদহ, শাহজাদপুর ও পতিসরে রবীন্দ্র জন্ম উত্সব শুরু

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩ তম জন্ম-জয়ন্তী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুমারখালির শিলাইদহ কুঠিবাড়ি, সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারি বাড়ি ও নওগাঁর পতিসর কুঠিবাড়িতে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রবীন্দ্র জন্ম উত্সব। এই উত্সবে গান, কবিতা, আলোচনাসহ নানা আয়োজনে প্রিয় কবিকে স্মরণ করা হচ্ছে। কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, শিলাইদহ কুঠিবাড়িতে তিন দিনব্যাপী উত্সবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তিনি বলেন, বার বার রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে আমাদের এগোতে হয়েছে। এক হাজার বছর পরেও তিনি প্রাসঙ্গিক থাকবেন। তাই আসুন, রবি ঠাকুরের হাত ধরে বাঙালি সংস্কৃতির শক্ত ভিত্তির উপর দাঁড়াই। জঙ্গিবাদ ও মৌলবাদ নির্মূল করি। তিনি আরো বলেন, আমরা যদি বরীন্দ্রনাথ ঠাকুরকে চর্চা করি তাহলে সকল অশুভ শক্তির বিরুদ্ধে যুদ্ধে আমাদের বুকের ভেতর অমৃত শক্তি সৃষ্টি হবে। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী প্রমুখ। উত্সব উপলক্ষে কুঠিবাড়ি আঙিনায় রবীন্দ্র ভক্ত ও স্থানীয় সর্বস্তরের মানুষের সমাগম ঘটেছে। কুঠিবাড়ির মূল আঙিনার বাইরে বসেছে গ্রামীণ মেলা। ‘শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হচ্ছে’ শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় শাহজাদপুর কাছারি বাড়ির রবীন্দ্র অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। তিনি বলেন, খুব শিগগির না হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র স্মৃতিবিজড়িত শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করবেন। এ জন্য জায়গা নির্ধারণের কাজও প্রায় শেষের দিকে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, তাড়াশ-রায়গঞ্জ আসনের এমপি ইসহাক হোসেন তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন শাহজাদপুরের বিভিন্ন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। এদিন রবীন্দ্র জাদুঘর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়। এ ছাড়া শাহজাদপুর হাই স্কুল মাঠে বসেছে আট দিনব্যাপী রবীন্দ্র মেলা । বিকালে আলোচনা সভায় ‘রবীন্দ্রনাথের লোকসাংস্কৃতিক অন্বেষা’ প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.আব্দুল খালেক। আলোচনায় অংশ নেন ড. আব্দুল ওয়াহাব, প্রফেসর আজাদ রহমান ও ড. বেলাল হোসেন। নওগাঁ প্রতিনিধি ও আত্রাই সংবাদদাতা জানান, জেলার পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি প্রাঙ্গণে দেবেন্দ্র মঞ্চে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক এমপি প্রধান অতিথি হিসেবে ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দুই দিনব্যাপী রবীন্দ্র জন্ম-জয়ন্তীর উদ্বোধন করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সলিম উদ্দীন তরফদার, সাবেক সংসদ সদস্য ওহিদুর রহমান প্রমুখ। মঞ্চে সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মময় জীবনের উপর আলোচনা হয়। বিকালে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বরিশালে নানা আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন বরিশাল অফিস জানায়, নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার নগরীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩ তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় চারুকলা ছাত্রদের অংকিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শিক্ষার্থীরা। এ সময় শব্দ যন্ত্রে রবীন্দ্রনাথের গান প্রচার করা হয়। এছাড়া বিকাল ৪ টায় প্রান্তিক সংগীত বিদ্যালয়ের আয়োজনে রবীন্দ্রনাথের নৃত্য ও গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ অশ্বিনী কুমার হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।