না’গঞ্জের ঘটনায় দায়ীদের শাস্তি হবেই
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২৩:০৯
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এ ঘটনায় জড়িত যাদের নাম আসবে তাদেরকে চলমান আইন অনুযায়ী বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে। জড়িত কেউই রেহাই পাবে না।
গতকাল বৃহস্পতিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, দেশে আইনের শাসন আছে। সুতরাং অপরাধীদের আইনের মুুখোমুখি হতেই হবে। এ ধরনের ঘটনা যারা ঘটাবে, তাদের আইনের মুখোমুখি করতে সরকার সচেষ্ট ছিল, আছে এবং থাকবে। সৈয়দ আশরাফ বলেন, গুম বলে কোন শব্দ নেই। আসলে এটা নিখোঁজ। বাংলাদেশে প্রতিদিন মানুষ নিখোঁজ হচ্ছে। আগে গুম শব্দ ছিল না। তিনি বলেন, গুম-নিখোঁজ সারা পৃথিবীতে হয়। মালয়েশিয়ার এতো বড় উড়োজাহাজটি প্রায় ২৫০ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ নিখোঁজ হয়, আবার সন্ধানও পাওয়া যায়। বাংলাদেশে অপরাধ ঘটে এবং তার তদন্ত করা হয়। অপরাধীদের শনাক্তও করা হয়। আদালতের মাধ্যমে রায় বাস্তবায়ন করা হয়।
নারায়ণগঞ্জের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটা বিচারধীন বিষয়। একদিকে আমি মন্ত্রী, অন্য দিকে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি কোন তথ্য ছাড়া কথা বলতে পারি না।
র্যাবের তিন সদস্য জড়িত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, যখন চার্জশিট হবে তখন আমরা জানতে পারবো কাদের আসামি করা হয়েছে। আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বিভিন্ন পত্রিকার খবর প্রসঙ্গে তিনি বলেন, কে কার ছেলে, কার ভাতিজা, কার খালা বলা যায় না। শেখ হাসিনার সরকার কোন ঘটনা ঘটলে তার তদন্ত করে মামলা করে। কারণ বর্তমান সরকার আইনের শাসন মেনে চলে। তাই সকল গুম হত্যার বিচার উপযুক্ত তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।