চিকিত্সকদের বিরুদ্ধে নেয়া ব্যবস্থা জানতে চেয়েছে হাইকোর্ট

এক সাংবাদিককে চিকিত্সা সেবা প্রদানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের যে সব ইন্টার্নি চিকিত্সক অস্বীকৃতি জানিয়েছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে-জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে আগামী ২৫ মে’র মধ্যে এর অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার স্বত:প্রণোদিত হয়ে এ আদেশ দেন। এছাড়া কোন ক্ষমতাবলে ইন্টার্ন চিকিত্সকরা চিকিত্সা সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছেন এবং চিকিত্সাসেবা দিতে অস্বীকৃতি জানানোয় চিকিত্সক হিসেবে তাদের লাইসেন্স প্রদান থেকে বিরত থাকার নির্দেশ কেন দেওয়া হবে না তা-ও জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, রাজশাহীর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিএমডিসির চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এক সাংবাদিককে চিকিত্সাসেবা দিতে অস্বীকৃতি জানিয়েছেন রামেক চিকিত্সকরা শীর্ষক একটি প্রতিবেদন বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট রুল জারি করে। রাষ্ট্রপক্ষে ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিত রায় শুনানি করেন।