হাড়গুলো কি রাবার দিয়ে তৈরি!

দুই তলা (আনুমানিক ২০ ফুট) কিংবা তিন তলা (আনুমানিক ৩০ ফুট) ভবন থেকে পড়লে বেশিরভাগ সময় অনেকের মৃত্যুই ঘটে। অনেকে বেঁচে থাকলেও হাড় ভেঙ্গে এমন পরিস্থিতি হয় যে বেঁচে থাকাটাই যেন দুঃসহ যন্ত্রণায় পরিণত হয়। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, পেরুর বিমান বাহিনীর এক সদস্য ৫ হাজার ফুট (প্রায় দেড় কিলোমিটার) উপর থেকে পড়েও হাড়ে পর্যন্ত আঘাত পাননি! স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তবে তার হাড়গুলো কি রাবারের তৈরি? জরুরি বিভাগের ডাক্তার গিলারমো পাসো জানিয়েছে, এটা অলৌকিক ঘটনার মতো। সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া এমনভাবে পড়ে কেউ বেঁচে থাকতে পারে না। আমাসিফুয়েন গামারা নামের (৩১) সদস্যকে দক্ষিণ পেরুর অ্যারিকুইপার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে পরীক্ষা-নীরিক্ষাও এখানে করা হয়। প্রাথমিক চিকিত্সা শেষে আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। পাসো জানিয়েছেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ডাক্তার জানান, গামারা একটি সামরিক বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে লাফ দিয়েছিলেন। কিন্তু হঠাত্ করে প্যারাসুটটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং নীচে পড়ে যান। - পিটিআই