চিকিত্সা সেবা বন্ধের প্রতিবাদে রাজশাহীতে সাংবাদিক সমাবেশ
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২৩:১২
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালসহ সারাদেশে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিত্সকদের হামলা এবং রামেক হাসপাতালে সাংবাদিককে চিকিত্সা না দেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সাহেব বাজার জিরো পয়েন্টে স্থানীয় সাংবাদিক সমাজ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী সম্মিলিত ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, সুশাসনের জন্য নাগরিক-সুজনের রাজশাহী জেলা সভাপতি প্রফেসর জালাল উদ্দিন সরদার ও মানবাধিকার কর্মী সুব্রত কুমার পাল এবং সর্বস্তরের পেশাজীবী সাংবাদিকরা অংশ নিয়ে ইন্টার্ন চিকিত্সকদের ধিক্কার জানান।
রাসিক মেয়র বুলবুল ফটোসাংবাদিক গুলবার আলী জুয়েলের চিকিত্সার দায়িত্ব নিয়ে মানববন্ধন ও সমাবেশে বলেন, কিছু কিছু চিকিত্সক মানবিক দৃষ্টি ভুলে এখন সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালকে একশ্রেণির চিকিত্সক রোগী ধরার ফাঁদে পরিণত করেছেন। সাংবাদিকরা তা নিজ নিজ গণমাধ্যমে তুলে ধরায় চিকিত্সার নামে তারা অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছেন। সাংবাদিকদের চিকিত্সা দেয়া হবে না বলে ঘোষণা দিয়ে তারা মানবাধিকারের সীমা লঙ্ঘন করেছেন। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? এভাবে একটি দেশের চিকিত্সা ব্যবস্থা চলতে পারে না। চিকিত্সা পেশায় এসে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নামধারী চিকিত্সকদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
এতে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, চিকিত্সকরা তাদের নিজেদের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের চিকিত্সা দিচ্ছে না। আজ সাংবাদিকদের চিকিত্সা দেবে না, কাল ব্যবসায়ীদের চিকিত্সা দেবে না, আরেকদিন সাধারণ মানুষের চিকিত্সা দেবে না বলে তারা ঘোষণা দিয়ে যাবে, আর আমরা কি বসে থাকব? প্রয়োজনে আমরাও ওইসব চিকিত্সকদের কাছে আর চাল-ডাল বিক্রি করবো না।
রাজশাহী সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক শ.ম সাজুর সভাপতিত্বে এবং সদস্য রফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে স্থানীয় দৈনিক নতুন প্রভাতের সম্পাদক মোলাজ্জেম হোসেন সাচ্চু, দৈনিক সোনার দেশের নির্বাহী সম্পাদক ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আকবারুল হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য সচিব মামুন অর রশিদ, সদস্য জাবিদ অপু, আবু সালেহ ফাত্তাহ, আজিজুল ইসলাম, ফরিদ আক্তার পরাগ, বদরুল হাসান লিটন, রফিক আলম ও টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু প্রমুখ বক্তব্য দেন।