৮ বছর পর ইংল্যান্ডের জার্সিতে কলিংউড

স্পোর্টস রিপোর্টার

পল কলিংউড আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ২০১১ সালে। দুই বছর আগে লাহোরে বিশ্ব একাদশের হয়ে খেলেছেন সাবেক এই ইংল্যান্ড অধিনায়ক। তবে ইংল্যান্ডের জার্সিটা গায়ে জড়ানো হয়নি ২০১১ সালের পর থেকে।

গতকাল ৮ বছর পর ইংলিশ জার্সিতে আবার মাঠে নেমেছেন কলিংউড। তবে এবারো আন্তর্জাতিক ম্যাচ নয়, প্রস্তুতি ম্যাচে। অবশ্য সেটা বাধ্য হয়েই মাঠে নামতে হয়েছিল, ৪২ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারকে। গতকাল সাউদাম্পটনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সপ্তম ওভার বোলিংয়ের সময় পায়ে চোট পান পেস বোলার মার্ক উড।

ওই ওভারেই বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন জোফরা আর্চার। প্রাথমিক চিকিত্সা নিয়ে দ্রুতই মাঠে ফিরেছিলেন আর্চার।

মার্ক উড মাঠ ছেড়ে গেলে ফিল্ডিংয়ে ইংলিশ ক্রিকেটারের সংখ্যা দাঁড়ায় ১০ জন। তখন বাধ্য হয়েই মাঠে ১১ জন ফিল্ডার নিশ্চিত করার জন্য দ্রুত ইংল্যান্ডের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামেন দলের সহকারী কোচ কলিংউড। এদিকে দাদার মৃত্যুতে দলের সঙ্গে নেই জো রুট। ইনজুরিতে পড়েছেন অধিনায়ক মরগান, আদিল রশিদ। গতকাল মাঠে নেমে ব্যথা পেয়েছেন মার্ক উড ও আর্চার।