সাহস থাকলে আমার সাথে প্রকাশ্য বিতর্কে অংশ নিন
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২৩:১৬
ভারতে চলমান লোকসভা নির্বাচনের নবম ও সর্বশেষ পর্বের ভোটগ্রহণের প্রাক্কালে আলোচিত দল আম আদমি পার্টির শীর্ষনেতা অরবিন্দ কেজরিওয়াল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে বলেছেন, পর্যাপ্ত সাহস থাকলে তিনি যেন তার সাথে ‘উন্মুক্ত বিতর্কে’ অংশ নেন। সেখানে দুই নেতার কাছে ভোটাররা ইচ্ছামতো প্রশ্ন করবে। যার উত্তর ভোটারদের পছন্দ, তাকে তারা ভোট দেবে। কেজরিওয়াল বলেছেন, মোদীর যখনই সুবিধা তখনই তিনি এই বিতর্কে অংশ নিতে রাজি। বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নিজেই নিজেকে ভারতের হবু প্রধানমন্ত্রী কল্পনা করলেও ভোটের পর তার সব আশা নিরাশায় পরিণত হবে বলে কেজরিওয়াল মন্তব্য করেছেন।
অরবিন্দ কেজরিওয়াল ও মোদী উত্তর প্রদেশের বেনারস আসনে পরস্পরের বিরুদ্ধে লড়ছেন। কংগ্রেসের অজয় রায়ও এ আসন থেকে নির্বাচন করছেন। আগামী ১২ মে এ আসনের ভোট গ্রহণ করা হবে। বেনারসে বিজেপিকে জনসভার অনুমতি না দেয়া নিয়ে বিতর্কের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে মোদীর উদ্দেশে কেজরিওয়াল প্রশ্ন করেন নির্বাচন কমিশন তাকে গঙ্গা আরতির অনুমতি দেয়ার পর তিনি কেন গঙ্গায় প্রার্থনার আচারকে রাজনীতিকরণ করছেন। জনসভার চেয়ে তার সাথে উন্মুক্ত বিতর্ক বেশি ভোট টানবে বলে আম আদমি নেতা মন্তব্য করেন।