গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

বাস্তব যে কখনো কখনো চলচ্চিত্রের গল্পকেও হার মানায় সে কথাই যেন নতুন করে আরও একবার প্রমাণ করলেন যুক্তরাজ্যের দুই যমজ বোন এলিজাবেথ এন ল্যাম্ব ও প্যাট্রিসিয়া এন ল্যাম্ব। তাদের জন্ম হয়েছিল ১৯৩৬ সালের ২৮ ফেব্রুয়ারিতে। তাদের জন্মের কিছুদিন আগেই বাবা সামরিক বাহিনীতে চলে যাওয়ায় দুই বোনকে নিয়ে অনেকটা হিমশিমই খাচ্ছিলেন তাদের মা এলিস। আর তাই জন্মের পাঁচ মাসের মাথাতেই দুই বোনকে আলাদা আলাদা দুটি স্থানে দত্তক দিয়ে দেন মা। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে জীবন কাটানো এই দুই বোনের আর কখনোই দেখা হয়নি। আর মাত্র কিছুদিন আগেই অনেক নাটকীয়তার মধ্য দিয়ে যখন এই দুই বোনের পুনরায় দেখা হলো তখন মাঝে কেটে গেছে ৭৭ বছর ২৮৯ দিন। গিনেজের হিসেবে এটাই হলো যমজ কোনো বোনের সবচেয়ে বেশি ব্যবধানে দেখা হওয়ার রেকর্ড।