টঙ্গীতে গার্মেন্ট কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২১:০৬
বৃহস্পতিবার রাতে টঙ্গী পাগাড় এলাকায় অবস্থিত জাবের এন্ড জোবায়ের গার্মেন্ট কারখানার তিনতলার অফিসকক্ষ থেকে সহকারী হিসাব কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। মৃত আলমগীর হোসেন (৩৮) টাঙ্গাইলের ঘাটাইল থানার কামারচালা গ্রামের মরহুম আবদুল সোবহানের ছেলে।
পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, এদিন সকাল ৮টায় অন্য কর্মকর্তাদের সাথে কারখানার সহকারী হিসাব রক্ষক আলমগীর হোসেন যথারীতি তার কর্মস্থলে যোগ দেন। দুপুরের খাবার বিরতির পূর্বমুহূর্ত পর্যন্ত তিনি অফিস কক্ষে কাজে ছিলেন। দুপুর ১টায় খাবার বিরতির সময় অন্য কর্মকর্তারা বেরিয়ে গেলেও তিনি অফিস কক্ষেই থেকে যান। খাবার বিরতি শেষে তার সহকর্মীরা তাকে খুঁজে না পেয়ে কারখানা ছুটির সময় তার অফিস কক্ষে গিয়ে ফ্যানের সাথে গলায় রশি প্যাঁচানো আলমগীরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে কারখানা কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে টঙ্গী থানা পুলিশ এসে লাশ নিয়ে যায়। এ ব্যাপারে কারখানা ম্যানেজার (অর্থ) খোরশেদ আলম বাদী হয়ে টঙ্গী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।