বিজেপির সমালোচনায় ভারতের মিডিয়া

নির্বাচন কমিশন নিয়ে ‘আক্রমণ’ করায় ভারতের মিডিয়াগুলো সে দেশের প্রধান বিরোধী দল বিজেপির সমালোচনা করেছে। বৃহস্পতিবার বারানসি শহরে সভা করতে না দেয়ায় বিজেপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করে। প্রধানমন্ত্রী প্রার্থী মোদী এই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোদী বলেন, নির্বাচন কমিশন তাদের প্রতি স্বচ্ছ আচরণ করছে না। বিজেপির আরেক নেতা অরুণ জেটলি বলেন, আমি কোনভাবেই নির্বাচন কমিশনের প্রতি আমার হতাশা গোপন করতে পারছি না। তিনি বলেন, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের অবশ্যই সাহসী হতে হবে। ভীরু লোকেরা এ পদের অসম্মান করেন। বিজেপির তরফ থেকে এ ধরনের মন্তব্য আসায় কিছু কিছু সংবাদপত্র এর সমালোচনা করেছে। তারা বলেছেন, এতে করে তারা নির্বাচন কমিশনকে দুর্বল করে দিচ্ছেন। টাইমস অব ইন্ডিয়া জানায়, ইসিকে সরাসরি আক্রমণ করা শুধু একে হেয়প্রতিপন্ন করাই নয় বরং এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকেও ব্যাহত করা হচ্ছে। পত্রিকাটি আরো জানায়, এসব যদি নির্বাচনে বিজেপির কৌশল হয়, তাহলে একটা জাতীয় দলের জন্য এটা হবে ভয়ানক উদাহরণ। হিন্দুস্তান টাইমস জানায়, বড় বড় দলগুলোকে এটা নিশ্চিত করতে হবে তারা যেন তাদের আসল পথ থেকে বিচ্যুত না হন। যেখানে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট দিক নির্দেশনা রয়েছে সে আলোকেই তাদের চলতে হবে। এদিকে গত এক সপ্তাহ ধরে বিজেপির শীর্ষ নেতৃত্ব যেভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করছে তার জবাব দিলেন মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পত। তিনি বলেন, কোন দল বা প্রার্থী যতই চেষ্টা করুক, কমিশন কোনও কিছুতেই ভয় পায় না। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবেই তাদের কাজ চালিয়ে যাচ্ছে।