আলেপ্পোয় সেনাবাহিনীর হোটেলে বোমা হামলা

সিরিয়ার বিদ্রোহীরা উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে সেনাবাহিনীর ব্যবহূত একটি হোটেল বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে। এতে করে কয়েকটি ভবন ধসে পড়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম ও পর্যবেক্ষক দল। কার্লটন হোটেলের নিচে একটি সুড়ঙ্গে বিস্ফোরণ ঘটায় বিদ্রোহীরা। তারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানালেও এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। রাষ্ট্রীয় টিভিতে হোটেল ভবনসহ আশেপাশের কয়েকটি ভবন বিস্ফোরণে ধ্বংস হয়েছে বলে জানানো হয়েছে। তবে বিদ্রোহীরা মঙ্গলবার এক ভিডিও বার্তায় জানায়, হোটেলটিতে সেনাবাহিনীর সদস্যরা ছিল এবং এ ঘটনায় কয়েক ডজন সেনা নিহত হয়েছে। প্রায় তিন বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধ সমপ্রতি তীব্র মাত্রা পেয়েছে। বিভিন্ন রণাঙ্গনে প্রেসিডেন্ট আসাদের সেনাবাহিনী ও এর বিরোধীরা পাল্টাপাল্টি আক্রমণ চালাচ্ছে। এতে মারা যাচ্ছে শত শত মানুষ। এর আগে গতবছরের শেষদিকে জাতিসংঘের উদ্যোগে শান্তি প্রচেষ্টা শুরুর পর গৃহযুদ্ধ কিছুটা কমে এসেছিল। শান্তি আলোচনায় অংশ নিয়েছিল বিদ্রোহী গোষ্ঠী ও আসাদের প্রতিনিধি দল।