ময়মনসিংহে গৃহপরিচারিকা
নির্যাতন:দুই নারী আটক
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২২:০৪
ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকার এক গৃহকর্তা ও তার স্ত্রী বেদেনা (২০) নামের গৃহপরিচারিকার ওপর চরম নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তারা গৃহপরিচারিকার পেটে ও পিঠে ইস্ত্রি এবং শরীরের বিভিন্ন স্থানে গরম তেল ছিটিয়ে গরম খুন্তি দিয়ে খুঁচিয়ে অমানুষিক নির্যাতন করে। নির্যাতিত গৃহপরিচারিকাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর গৃহকর্তা সোহাগ ও স্ত্রী জেসি গা ঢাকা দিয়েছেন। গতকাল শুক্রবার পর্যন্ত নির্যাতনকারী দম্পতিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে
পুলিশ এ ঘটনায় মালেকা ও জ্যোতি নামের দুই নারীকে গ্রেফতার করেছে। জানা যায়, প্রায় দুই বছর আগে বলাসপুর আবাসন পল্লীর মালেকা ও জ্যোতি শহরের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম সামদানির মেয়ে জেসির বাসায় গৃহকর্মী হিসেবে বেদেনাকে সরবরাহ করে। পরবর্তীতে নানা অজুহাতে সোহাগ ও তার স্ত্রী জেসি বেদেনাকে নির্যাতন করে।
গত তিনমাস ধরে নির্যাতনের মাত্রা অমানুষিক পর্যায়ে পৌঁছে। গরম ইস্ত্রি দিয়ে পেটে ও পিঠে ছ্যাঁকা দেয়া এবং শরীরের বিভিন্ন স্থানে খুন্তি গরম করে খুঁচিয়ে-খুঁচিয়ে নির্যাতন চালানো হয়। এতে বেদেনা মারাত্মক অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাতে মাইক্রোবাসে করে বেদেনাকে শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ফেলে রাখা হয়। স্থানীয় লোকজন বেদেনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে বেদেনার বাবা খলিলুর রহমান বাদী হয়ে কোতোয়ালী থানায় সোহাগ ও তার স্ত্রী জেসিসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করে।