সোয়া চার কেজি সোনাসহ আটক ৬

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ ঘণ্টার ব্যবধানে সোয়া চার কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃত সোনার মূল্য প্রায় সোয়া দুই কোটি টাকা। শুক্রবার বেলা সাড়ে ১১টা, সকাল ৭টা ও বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে এসব সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে কুয়ালালামপুর থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ ফ্ল্যাাইটের যাত্রী ইমাম হোসেনের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে দুই কেজি ২৬০ গ্রাম সোনাসহ তাকে আটক করা হয়। এর আগে সকাল ৭টার দিকে শেখ বাহালুল ইসলাম নামক এক ব্যক্তি কুয়ালালামপুর থেকে একটি ফ্ল্যাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে দেখে শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে বাহালুলের জুতার ভেতর থেকে ৬০০ গ্রাম ওজনের সোনার টুকরো উদ্ধার করা হয়। এদিকে বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে ১২টার দিকে এক কেজি ৩১৪ গ্রাম ওজনের সোনাসহ চারজনকে আটক করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটক ব্যক্তিরা হলেন সালাউদ্দিন, মো. হাফিজুর রহমান, মিজানুর রহমান ও আলমগীর মোল্লা। তাদের মধ্যে আলমগীর, সালাউদ্দিন ও মিজানুর সিঙ্গাপুর থেকে এবং হাফিজুর মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন। বিমানবন্দর গ্রিন চ্যানেল পার হয়ে ওই চারজন যাত্রী ট্যাক্সিতে উঠছিলেন। এ সময় সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি করে উল্লিখিত সোনা উদ্ধার করা হয়।