নেত্রকোনার ৪৫টি গ্রামে ১৩দিন বিদ্যুত্ নেই

কালবৈশাখী ঝড়ের ১২দিন পেরিয়ে গেলেও বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় নেত্রকোনা সদরের একাংশ, কলমাকান্দা, বারহাট্টা, মোহনগঞ্জ ও পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার প্রায় ৪৫টি গ্রামের স্থবির হয়ে পড়েছে লক্ষাধিক মানুষের জনজীবন। গত ২৭ এপ্রিল মধ্যরাতে নেত্রকোনা সদরের একাংশ, কলমাকান্দা, বারহাট্টা, মোহনগঞ্জ ও পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার প্রায় ৪৫টি গ্রামের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। প্রায় আধাঘণ্টা স্থায়ী এ ঝড় লণ্ডভণ্ড করে দেয় লক্ষাধিক মানুষের স্বাভাবিক জীবন। কেড়ে নেয় তরতাজা ১৩টি প্রাণ। বিধ্বস্ত হয় শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ৫ সহস্রাধিক কাঁচা-পাকা ঘর-বাড়ি। উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। ভেঙ্গে পড়ে প্রায় ২ শতাধিক বৈদ্যুতিক খুঁটি। গতকাল শুক্রবার পর্যন্ত ১৩ দিন পরও পল্লী বিদ্যুত্ সমিতি বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেনি। নেত্রকোনা পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আবু তাহের জানান, আশাকরি আগামী এক সপ্তাহের মধ্যে সকল এলাকায় বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে পারবো ইন্শাল্লাহ।