নারায়ণগঞ্জের খুনের সঙ্গে বিএনপি জড়িত থাকলে গ্রেফতার করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কারণেই দেশ আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। এ সংবিধান গণভোটের সুযোগ থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। পৃথিবীর কোনো দেশে এমন সংবিধান নেই। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘নিরাপত্তা সংকটে নাগরিক জীবন: উত্তরণের উপায়’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। এমকে আনোয়ার বলেন, নারায়ণগঞ্জের সাত গুম-খুনের সঙ্গে বিএনপি জড়িত নয়, জড়িত থাকলে তাদের গ্রেফতার করুন। এ ঘটনায় মামলার এজাহার এবং তদন্তে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাদের-ই নাম এসেছে। তাদের ধরে বিচার করুন।