ফুলবাড়ীতে ৯ মাসেও ভাতা মেলেনি
আনসার ভিডিপি সদস্যদের
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২২:০৮
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করলেও তাদের ভাতা দীর্ঘ ৯ মাসেও মেলেনি। ভাতা পাওয়ার আশায় দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি’র সদস্যরা তাদের ভাতা না পাওয়ায় হতাশায় দিন কাটাচ্ছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তছির উদ্দিন মণ্ডলের মৃত্যুর কারণে গত বছরের ১৭ আগস্ট ঐ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১০টি কেন্দ্রের নিরাপত্তার জন্য অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের নিয়োগ দেয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব বলেন, নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সদস্যদের পারিশ্রমিক ভাতা স্ব-স্ব দপ্তর থেকে দেয়া হয়। এটা নির্বাচন অফিস থেকে দেয়া হয় না। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ঐ নির্বাচনে ১০টি ভোট কেন্দ্রসহ সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করেন ১৪১জন আনসার ও ভিডিপি সদস্য। নির্বাচন কমিশন থেকে তাদের পারিশ্রমিক ভাতা বরাদ্দ না আসায় সেটি দেয়া যাচ্ছে না। তবে বরাদ্দ পেলেই দিয়ে দেয়া হবে।