চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের বৈঠক আজ
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২২:৪৩
চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিস্থিতি, পণ্য আমদানি-রপ্তানিতে বিরাজমান বিভিন্ন সমস্যাসহ বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনার খালাসে অতিরিক্ত চার্জ আদায়ের ব্যাপারে করণীয় নির্ধারণে আজ শনিবার পোর্ট ইউজার্স ফোরাম এক মতবিনিময় সভার আয়োজন করেছে। চট্টগ্রাম চেম্বার ভবনে চেম্বার সভাপতির নেতৃত্বাধীন পোর্ট ইউজার্স ফোরাম বন্দরে সামপ্রতিক সময়ের সমস্যাসমূহ নিরসনে কর্তৃপক্ষের নিকট বিভিন্ন দাবি উত্থাপনকল্পে ব্যবসায়ীদের পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করবেন বলে জানানো হয়।
চট্টগ্রাম বন্দরের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শনের জন্য আগামী ১ জুন নৌ পরিবহন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি চট্টগ্রাম বন্দরে আসছে বলে জানা যায়। ইতিমধ্যে সংসদীয় কমিটির প্রথম বৈঠকেই বন্দরে ইক্যুইপমেন্ট ক্রয়সহ বন্দরের কতিপয় কার্যক্রমের ব্যাপারে ব্যাপক আলোচনা হয়। বন্দর কর্তৃপক্ষের একটি স্কেভেটর কেনার ব্যাপারেও অনিয়মের অভিযোগ তোলা হয়। জানা যায়, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে অপর একটি সংস্থা যে স্কেভেটরটি প্রায় ৫ কোটি টাকায় ক্রয় করেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় একই ধরনের স্কেভেটর প্রায় ২০ কোটি টাকা ক্রয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হলে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। সংসদীয় কমিটির বৈঠকে চট্টগ্রাম বন্দরের বহু কাঙ্ক্ষিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) নির্মাণ কাজ প্রায় ৭ বছর পূর্বে শেষ হওয়ার পরও এর চালু না হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রকল্প দীর্ঘদিন ধরে ঝুলে থাকলেও তা বাস্তবায়নের উদ্যোগের ঘাটতির বিষয়ে উল্লেখ করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম-পানগাঁও পথে কন্টেইনার পরিবহনের জন্য তিনটি জাহাজ ক্রয় করলেও সেগুলো দিয়ে কোন আশানুরূপ ফল আসছে না। পোর্ট ইউজার্স ফোরামের আজকের মতবিনিময় সভা এবং নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে বন্দরের সার্বিক সকল বিষয় আলোচনায় আসবে।