প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

বাংলাদেশ ব্যাংকের সূত্র দিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত আনন্দ শিপইয়ার্ডের ঋণ জালিয়াতি সংক্রান্ত খবরের ব্যাখ্যায় ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, আনন্দ শিপইয়ার্ড ব্যাংক থেকে নেয়া ঋণ অন্য খাতে বিনিয়োগ করেনি। নিজেদের জাহাজ শিল্প উন্নয়নে বিনিয়োগ করা হয়েছে বিভিন্ন ব্যাংক থেকে নেয়া সব ঋণ। বাংলাদেশ ব্যাংক নিয়মিত কাজের অংশ হিসেবেই ইসলামী ব্যাংক ও এবি ব্যাংকে আনন্দ শিপইয়ার্ডের ঋণ পরিস্থিতি পর্যালোচনা করে। তাদের পক্ষ থেকে আরো বলা হয়, এ ক্ষেত্রে কিছু অনিয়ম চিহ্নিত করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে ব্যাখ্যা চাওয়া হয় এবং এ সম্পর্কে কিছু নির্দেশনা দেয়া হয়। পরে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল আনন্দ শিপইয়ার্ড পরিদর্শন করে। ওই সময় তাদের প্রয়োজনীয় কাগজ, প্রমাণাদিসহ সচিত্র প্রতিবেদন সরবরাহ করা হয়। এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জানা যায়, গৃহীত ঋণ নিয়মবহির্ভূতভাবে অন্য কোনো খাতে বিনিয়োগ করা হয়নি।