চুয়াডাঙ্গা সীমান্ত থেকে গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২২:৪৪
চুয়াডাঙ্গার মুন্সীপুর সীমান্ত থেকে আনার হোসেন (২২) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তিনি দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের সদর আলীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে ৫/৭ জন গরু ব্যবসায়ী গরু কেনার উদ্দেশ্যে মুন্সীপুর সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ভারতে যায়।
এ সময় ভারতের মহাখোলা ক্যাম্পের টহলরত বিএসএফ তাদের ধাওয়া করে আনার হোসেনকে ধরে ফেলে। দুপুরে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল মতিন তাকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে মহাখোলা বিএসএফ ক্যাম্পে চিঠি দেন। এরপর বিকেল ৫ টায় সীমান্তের ৯৪/৩ আর পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ আটক বাংলাদেশি যুবক আনার হোসেনকে ফেরত দিতে অস্বীকার করে এবং তাকে কেষ্টগঞ্জ থানায় সোপর্দ করেছে বলে জানায়। চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।