বিশ্বের ২৫ দূষণের শহরের মধ্যে না’গঞ্জ গাজীপুর ঢাকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত ২৫ শহরের মধ্যে রয়েছে বাংলাদেশের তিনটি শহর নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা। সিএনএন ও ইকোনমিক টাইমসে বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তালিকায় নারায়ণগঞ্জের অবস্থান ১৭তম। গাজীপুর ২১ ও ঢাকা রয়েছে ২৩তম অবস্থানে। ডব্লিউএইচও’র রিপোর্টে বলা হয়, বিশ্বের প্রায় ১৬০০ শহরের বাতাসের মান বিচার করে এ তালিকা করা হয়েছে। বাংলাদেশের শহরের জন্য পরিবেশ অধিদপ্তরের ২০১৩ সালের মাসিক বাতাসের মান পর্যবেক্ষণ রিপোর্টকে মূল্যায়ন করা হয়েছে। তালিকায় সবচেয়ে বেশি দূষণের শহর হিসেবে চিহ্নিত হয়েছে ভারতের দিল্লি। বাতাসে ভাসমান আড়াই মাইক্রোমিটারের চেয়েও ছোট কণা, যাকে পিএম ২.৫ বলা হয়, দিল্লিতে তার গড় পরিমাণ সর্বাধিক ১৫৩। অথচ ধোঁয়াশার জন্য কুখ্যাত চীনের রাজধানী বেজিংয়ে এই পরিমাণ মাত্র ৫৬, আর লন্ডনে এই পরিমাণ দিল্লির ১০ ভাগের এক ভাগ। পিএম ২.৫ অ্যামোনিয়া, কার্বন, নাইট্রেট ও সালফেটের ক্ষুদ্র কণা বা মাইক্রোনের একধরনের সমন্বয়। পরিবেশে এর মাত্রা বেশি থাকলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। এর ক্ষতিকর প্রভাবে ক্যান্সার, উচ্চ রক্তচাপ বা শ্বাসকষ্টজনিত রোগ হতে পারে। প্রথম ২০টি দূষণের শহরে ক্ষতিকর পিএম ২.৫ এর মাত্রা সর্বোচ্চ। সবচেয়ে দূষিত ১০ শহরের ছয়টিই প্রতিবেশী ভারতের। দিল্লির পর পাটনা দ্বিতীয়, গোয়ালিয়র তৃতীয়, রায়পুর চতুর্থ, আহমেদাবাদ নবম ও লক্ষ্নৌ দশম স্থানে। পাকিস্তানের করাচি রয়েছে পঞ্চম স্থানে। অন্যদিকে, ৯১টি দেশের মধ্যে সবচেয়ে বেশি দূষণের দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান চতুর্থ। সবচেয়ে বেশি দূষণের দেশের তালিকায় পাকিস্তান প্রথম অবস্থানে। কাতার ও আফগানিস্তান রয়েছে দ্বিতীয় ও তৃতীয় নম্বরে। সবেচেয়ে খারাপ দূষণের ১০ টির মধ্যে থাকা বাকি দেশগুলো হলো ইরান, মিসর, মঙ্গোলিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও বাহরাইন। ডব্লিউএইচও’র প্রতিবেদনে বলা হয়, বায়ু দূষণে ২০১২ সালে ৩৭ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ু দূষণ বিশ্বের সবেচেয়ে বড় একক পরিবেশগত স্বাস্থ্য ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১১ সালেও এ ধরনের একটি রিপোর্ট প্রকাশ করে।