ভূমিকম্প মোকাবেলায় সিলেটের জন্য হাজার কোটি টাকার প্রকল্প
হুমায়ূন রশিদ চৌধুরী, সিলেট অফিস
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২২:৫০
সিলেট নগরীর উন্নয়নে এক হাজার কোটি টাকা দেয়ার আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক। এই টাকা বিশেষ করে আসাম ফল্টের অন্তর্ভুক্ত ভূমিকম্প প্রবণ সিলেটে দুর্যোগকালীন সময়ে পরিস্থিতি মোকাবিলা ও এই সংক্রান্ত উন্নয়নমূলক কাজে ব্যবহার হবে বলে সূত্র জানায়।
গত বুধবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে বিশ্ব ব্যাংক আয়োজিত বাংলাদেশ আরবান আর্থকোয়েক প্রজেক্ট ফেইজ-টু এর লঞ্চিং প্রোগামে এই প্রকল্পের আশ্বাস দেন বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা। সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনি অসুস্থ থাকায় তার পক্ষে সভায় প্রকল্পের সম্ভাব্য দিক তুলে ধরেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।
মেয়র আরিফ জানান, সিলেটে ১৮তলা পর্যন্ত উদ্ধার কাজ পরিচালনা করতে পারে এরকম স্বয়ংক্রিয় আধুনিক গাড়ি, দুর্যোগকালীন সময়ে কয়েক স্তর বিশিষ্ট যোগাযোগ নেটওয়ার্ক, পুরো নগরীকে সিসি ক্যামেরা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা, নগরভবন ক্ষতিগ্রস্ত হলে সেই পরিস্থিতিতে একটি বিশালাকার গাড়িতে বসে আধুনিক সকল যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে দুর্যোগ মোকাবিলা করার সুবিধা থাকবে।
বিশ্ব ব্যাংকের ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট স্পেশালিস্ট স্বর্ণা কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর হোসেন। অনুষ্ঠানে প্রজেক্টের সার্বিক বিষয় এবং বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জামিলুর রেজা চৌধুরী।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, রাজউক চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন ভুঁইয়া, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ডিজি মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান। স্বাগত বক্তব্য রাখেন, উপদেষ্টা ক্রিস্টিনি ই. কিমস। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশ্ব ব্যাংকের সিনিয়র ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মার্ক ফর্নি, প্রজেক্ট সম্পর্কে তথ্যউপাত্ত তুলে ধরেন ইএমআই প্রজেক্টের টিম লিডার ড. ফুয়াদ ভেনডি মুরাদ।