দিনাজপুরে পরিবহন ধর্মঘট অব্যাহত
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২২:৫১
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে বিরোধের জের ধরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে দিনাজপুরে গত দুদিন থেকে পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। ফলে টানা দুদিন জেলায় অভ্যন্তরীণ সব রুটসহ দূরপাল্লার সব কোচ ও বাস চলাচল বন্ধ রয়েছে।
অন্যদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দোষি শ্রমিকদের গ্রেফতারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে লাঠিসোটা নিয়ে মহাসড়ক অবরোধ অব্যাহত রেখেছে। এতে অন্যান্য সড়কে বাস বাদে অন্য যানবাহন চলাচল করলেও বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোন যানবাহন চলাচল করতে পারছে না।
গতকাল শুক্রবার জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম শহরে আসার সময় আন্দোলনরত ছাত্রদের সাথে বৈঠকে বসেন। এসময় তিনি ছাত্রদের অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান। হুইপের আহ্বানের প্রেক্ষিতে ছাত্ররা দুপুর নাগাদ অবরোধ তুলে নিলেও বিকাল সাড়ে ৩টা থেকে ফের দিনাজপুর-ঢাকা মহাসড়কে অবরোধ শুরু করেন।
এদিকে হুইপ ইকবালুর রহিম দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাথেও বৈঠকে বসার উদ্যোগ নিয়েছেন।