ঢাকায় অপহূত কিশোরী চট্টগ্রামে উদ্ধার
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২২:৫২
ঢাকায় মিরপুর দারুস সালাম এলাকা থেকে অপহূত কিশোরী নুরুন্নাহার মদিনাকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কাঠগড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় র্যাব-৭ এর একটি দল কাঠগড় এলাকার একটি বাসা থেকে মদিনাকে উদ্ধার করে। এই ঘটনায় কথিত অপহরণকারী মোহাম্মদ আল আমিনকে আটক করা হয়েছে।
র্যাব-৭ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, গত ৬ এপ্রিল মদিনাকে ঢাকা থেকে অপহরণ করে চট্টগ্রামে নিয়ে আসা হয়। তাকে একটি ভাড়া বাসায় রাখা হয়। এই ঘটনায় অপহূতের পিতা নুরুল্লাহ মিরপুর থানায় মামলা করেন। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারপ্রাপ্ত কিশোরী ও অপহরণকারীকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।