গাজীপুরে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মজীনা
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২৩:২৫
মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন। গতকাল শুক্রবার তার গাড়ী বহরটি কাপাসিয়া উপজেলার একটি গ্রামীণ রাস্তা দিয়ে যাওয়ার সময় পাশের একটি পুকুরের পাড়ে গাড়ীটির সামনের একটি চাকা নেমে যায়। অল্পের জন্য গাড়ীটি পুকুরে পড়ে যায়নি। এ সময় তিনি গাড়ীতে ছিলেন। কিন্তু চালক দ্রুত গাড়ীটি থামিয়ে দেয়ার ফলে তিনি অল্পের জন্য মারাত্মক দুর্ঘটনা থেকে বেঁচে যান। গাজীপুরের কাপাসিয়া উপজেলার লোহাদী গ্রামে যুক্তরাষ্ট্রের মালিকানাধিন সৌর শক্তির মাধ্যমে ইট তৈরির কার্যক্রম পরিদর্শনে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি সোলার ন্যানো গ্রীড কম্পানীর কার্যক্রম দেখার জন্য সকাল পৌনে নয়টার সময় কাপাসিয়ায় পৌছেন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মর্জিনা। এসময় তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আলী। সকাল ১০টার দিকে তিনি প্রকল্প দেখার জন্য পুলিশ প্রহরায় প্রায় ১২ কিলোমিটার দূরে উপজেলার লোহাদী গ্রামের উদ্দেশ্যে রওনা হন। কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়ক থেকে ইট বিছানো রাস্তায় অনুষ্ঠান স্থলে যাওয়ার পথে লোহাদী উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছলে তাকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরের দিকে হেলে পড়ে। কমপক্ষে ১০ ফুট নীচু পুকুরের পানিতে পড়ার আগেই গাড়িটি চালকের কৌশলে আটকে যায়। এসময় রাষ্ট্রদূত দ্রুত গাড়ী থেকে নেমে যান। পরে তিনি অন্য একটি গাড়ীতে করে অনুষ্ঠান স্থলে পৌছেন। রাষ্ট্রদূত চলে যাওয়ার প্রায় ৪ ঘণ্টা পর গাজীপুর থেকে পুলিশের একটি রেকার এনে স্থানীয় লোকদের সহযোগিতায় ড্যান মর্জিনার গাড়ীটি উদ্ধার করে পুলিশ।
মজীনা দুর্ঘটনা স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার পথ হেঁটে লোহাদী গ্রামের মোহাম্মদ ইব্রাহীমের বাড়ির সোলার ন্যানো গ্রীড প্রকল্প ঘুরে দেখেন। এসময় তাকে দেশীয় পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়। দুপুরে অন্য একটি গাড়ীতে চড়ে তিনি বারিষাব ইউনিয়ন পরিষদে গিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। বাংলাদেশ খাদ্য উত্পাদন, স্বাস্থ্য, শিশু মৃত্যু, গর্ভবতী মায়েদের মৃত্যুর হার কমিয়ে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি পৃথিবীর অনেক দেশে বসবাস করেছি কিন্তু বাংলাদেশের মতো অগ্রগতি আমি দেখিনি। আজকে একটি বিপ্লব শুরু হলো সোলার বিদ্যুতের। একদিন বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।