প্রণব মুখার্জি ভোট দিচ্ছেন না যে কারণে...

ভারতের ১৪তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভোট দিচ্ছেন না এমন গুজব ছিল কয়েকদিন ধরে। দেশের রাষ্ট্রপতি নিজে যদি তার ভোটাধিকার প্রয়োগ না করেন তবে সাধারণ মানুষ ভোটদানে উত্সাহিত হবেন কিভাবে, এমন প্রশ্ন তোলা হয়েছিল অনেক মহল থেকে। কিন্তু নিজের নিরপেক্ষতা বজায় রাখতেই চলমান লোকসভা নির্বাচনে প্রণব মুখার্জি নিজের ভোটাধিকার প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব ভেনু রাজামণি জানিয়েছেন। কলকাতায় এসে সশরীরে ভোট দেয়ার ক্ষেত্রে নিরাপত্তা সমস্যা হতে পারে একারণে প্রণব মুখার্জি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেয়ার সকল আনুষ্ঠানিকতা সেরে ফেলেছিলেন। এমনটি হলে তিনিই হতেন দেশটির প্রথম কোনো রাষ্ট্রপ্রধান যিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। তবে শেষ মুহূর্তে নিজের ভোটাধিকার চর্চা না করার সিদ্ধান্ত নিয়ে তিনি তার অধিকাংশ পূর্বসূরির পথেই হেঁটেছেন। প্রেসসচিব রাজামণি জানান, প্রণবের বেশিরভাগ পূর্বসূরিদের রেখে যাওয়া ঐতিহ্য বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রণব মুখার্জি দক্ষিণ কলকাতার লোকসভা আসনের অধীন নির্বাচনী এলাকার একজন নিবন্ধিত ভোটার। কলকাতার এ আসনে ১২ মে ভোটগ্রহণ হবে। এদিনই লোকসভার ৯ পর্বের ভোট শেষ হবে।