কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর পাহাড়ি এলাকায় ভারী বর্ষণে রেলপথে গাছ পড়ে ৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেট-আখাউড়া সেকশনের ঐ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে গাছ কেটে অপসারণের পর ভোর ৬টা থেকে সিলেটের সাথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, পাহাড়ি এলাকায় রেলপথে গাছ পড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা ৭৩৯ নম্বর আপ সিলেট অভিমুখী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল স্টেশনে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৭২৩ নম্বর আপ সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস ট্রেন রশিদপুর স্টেশনে ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ১৪ নম্বর ডাউন জালালাবাদ এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে আটকা পড়ে।
রেলওয়ে গণপূর্ত বিভাগের শ্রীমঙ্গলস্থ ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মনির হোসেন জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর পাহাড়ি এলাকায় ঝড় তুফান ও ভারী বৃষ্টি হলে রেলপথের উপর গাছ পড়ে এ অবস্থার সৃষ্টি হয়।