ভালোবাসাহীন চলচ্চিত্রে দিতি চুক্তিবদ্ধ!
প্রকাশ : ১০ মে ২০১৪, ১৯:০৭
ছবির নাম ‘এই গল্পে ভালোবাসা নেই’। এমন খটকা লাগানো নামকরণ দিয়েই নির্মাতা রয়েল খান তার ‘গেম’ ছবির পর নতুন চলচ্চিত্রের কাজ শুরু করলেন। সম্প্রতি ছবির জন্য চিত্রনায়িকা দিতির সাথে চুক্তি করলেন তারা। নতুন এই ছবির পাত্রপাত্রীও একেবারে নতুন। অভিনেত্রী হিসেবে তানহা নামের এক নবাগতাকে পর্দায় আনছেন তারা। নতুন এই চলচ্চিত্র প্রসঙ্গে ছবির প্রযোজক ও অভিনেতা ফিরোজ শাহী বলেন, ‘অনেকদিন ধরেই আমি অভিনয়ের সাথে সম্পৃক্ত। তবে বেশির ভাগ কাজই করেছি ছোটপর্দায়। চলচ্চিত্রের অবস্থা নতুন করে এখন ইতিবাচক দিকে মোড় নিয়েছে। তাই এখন থেকে নিয়মিত চলচ্চিত্রের সাথেই সম্পৃক্ত থেকে কাজ করতে চাই। এই ছবিটির নামের মতোই ছবির সবকিছু আমরা ব্যতিক্রমভাবে করার চেষ্টা করছি।’
এদিকে ‘গেম’ ছবিটি মুক্তি না দিয়েই নতুন ছবির কাজ প্রসঙ্গে নির্মাতা রয়েল খান বলেন, ‘খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে ‘গেম’ ছবিটি। তবে ছবিটিতে আমি দুই-একজনের অভিনয়ের ব্যাপারে পুরোপুরি সন্তুষ্ট নই। নাহলে আমার এই ছবিতেও তারা কাস্ট হতে পারতেন। নতুন এই ছবিতে আমি একেবারে ফ্রেশ কিছু উপহার দিতে চাই ইন্ডাস্ট্রিকে, যা আগে কখনও দর্শক দেখেননি।’