বাগেরহাটে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে শনিবার ভোরে হঠাত্ ঝড়ে বিভিন্ন উপজেলার শতাধিক ঘরবাড়ি ও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। উপড়ে পড়েছে গাছ, ক্ষতি হয়েছে ছোট-বড় কয়েকটি সড়কের।

এছাড়া ঝড়ে সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের মুরগি ব্যবসায়ী নিবাস বিশ্বাসের পাঁচটি মুরগির খামার ভেঙে গেছে।

নিবাস বিশ্বাস বলেন, ভোরে ঘুমিয়ে ছিলাম। হঠাত্ শব্দ শুনে উঠি। দ্রুত ঘরের বাইরে বের হয়ে দেখি সবকটি মুরগির ঘরের উপর গাছ পড়ে ভেঙে গেছে। আমার থাকার ও রান্নার ঘরও ভেঙে গেছে। প্রতিবেশী তাপস ও বিকাশের ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাড়াপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল্লাহীল বাকী বলেন, হঠাত্ ঝড়ে রাস্তার উপরের চারটি মেগনি গাছ উপড়ে পড়েছে। এতে রাস্তার অর্ধাংশ ভেঙে গেছে।

বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হবে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।