গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

উল্টো দিকে সাইকেল চালানো এমনিতেই বেশ কষ্টসাধ্য আর কঠোর অনুশীলনের একটি বিষয়। তার ওপর এই কাজটি যদি করতে হয় একটানা চব্বিশ ঘণ্টা তাহলে অনেকেই হয়তো সাইকেল চালানো শুরু করার আগেই নিজের ইচ্ছাটাকে সংবরণ করবেন। তবে প্রশ্নটা যখন রেকর্ড বইয়ের পাতায় নাম লেখানোর তখন এই কষ্টটা হাসিমুখেই সয়ে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এন্ড্রিউ হেলিঙ্গা। দেশটির কুইন্সল্যান্ডের নরওয়েলে অবস্থিত হোল্ডেন পারফর্মেন্স ড্রাইভিং সেন্টারে একটানা ২৪ ঘণ্টা উল্টো দিকে সাইকেল চালিয়ে হেলিঙ্গা অতিক্রম করেন রেকর্ড ৩৩৭.৬০ কিলোমিটার সমপরিমাণ দূরত্ব। শুধু তাই নয় রেকর্ড সৃষ্টির পাশাপাশি এদিন হেলিঙ্গা তার এই কীর্তি দেখিয়ে ‘চ্যালেঞ্জ ফর চেঞ্জ’ নামের আফ্রিকা ভিত্তিক একটি দাতব্য সংস্থার জন্য তহবিলও সংগ্রহ করেন।