সাম্প্রদায়িক মোদীকে সমর্থন দেবে না বহুজন সমাজপার্টি ...................................................... মায়াবতী

যতই হাওয়া তুলুন, সরকার গড়ার জন্য সংখ্যা হবে না জেনেই এখন শরিক খুঁজছেন নরেন্দ্র মোদী। এই ভাষাতেই মোদীকে আক্রমণ করলেন বহুজান সমাজ পার্টির প্রধান মায়াবতী। টাইমস নাও’ চ্যানেলকে দেয়া এক সাক্ষাত্কারে প্রশ্নের জবাবে মোদী ইঙ্গিত দিয়েছিলেন, মমতা-মায়াবতী-জয়ললিতার মতো নেত্রীদের জন্য তার দরজা খোলা। তার যুক্তি ছিল, প্রাক ভোট শরিকদের নিয়ে এনডিএ ৩৫০টি আসন পেলেও কোনও এক নির্দল সাংসদকেও তিনি সমান গুরুত্ব দেবেন। মোদীর এই বক্তব্যের জবাব দিতে গিয়ে মায়াবতী সাংবাদিক সম্মেলন করে জানান, গোটা দেশে মোদী-হাওয়া রয়েছে বলে মিত্যা প্রচার চালানো হয়েছে। কিন্তু বাস্তবতা বুঝে এখন শরিক খুঁজবে বিজেপি। ভোটের পরেও বহুজন সমাজ পার্টি কোনও অবস্থাতেই সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপিকে সমর্থন করবে না। কিন্তু মোদী শিবিরের নেতাদের বক্তব্য, মোদী আদৌ বলেননি তিনি এই নেত্রীদের সমর্থন নেয়ার কথা বলেছেন। বিভ্রান্তি কাটাতে দলের নেতা সুধাংশু ত্রিবেদী বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলন করে বলেন, “বিজেপি বর্তমান শরিকদের নিয়েই ২৭২টি আসন অতিক্রম করবে। মোদী শুধু এটুকুই বলেছেন, এরপরেও কেউ যদি সমর্থন করতে আগ্রহী হন, তাদের জন্য দরজা খোলা রয়েছে।” কিন্তু ঘনিষ্ঠ মহলে বিজেপি নেতারা বলছেন, যতই হাওয়া থাকুক, দলের আত্মবিশ্বাস যতই থাকুক, বাস্তব পরিস্থিতি কী, সেটা ১৬ তারিখে ফল প্রকাশেই স্পষ্ট হবে। —আনন্দবাজার পত্রিকা