পুলিশের উপর হামলা!
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগতিতে পুলিশের উপর হামলা করে গদাধর দাস নামের মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তিন পুলিশ আহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রামগতি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চর ডাক্তার আশ্রম বাজারে এ ঘটনা ঘটে। গদাধর ওই এলাকার কর্নধর দাসের ছেলে। হামলায় আহত পুলিশের এএসআই মঈনউদ্দিন, কনস্টেবল আশরাফুল ও ফোরকানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
এ ঘটনায় এএসআই মঈনউদ্দিন বাদি হয়ে শনিবার রামগতি থানায় মামলা দায়ের করেছেন। মামলায় গদাধর দাসসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে চর ডাক্তার আশ্রম বাজারে চা দোকানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গদাধরকে গ্রেফতার করার চেষ্টা করা হয়। এসময় গদাধরের চিত্কারে তার কয়েকজন সহযোগী এগিয়ে এসে কর্তব্যরত পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক জানান, পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়া, পুলিশের উপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় ১০ জনকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। গদাধরকে গ্রেফতারের চেষ্টা চলছে।